কনাটোরের লালপুরে পদ্মা নদীর চরে আখক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন এসআরবি-৫।
এর আগে বুধবারে (৪ নভেম্বর) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকার একটি আখক্ষেতে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো সন্দেহজনক কিছু পড়ে রয়েছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর নির্দেশনা অনুযায়ী তথ্যের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পৌঁছান ব্যাটালিয়নের সদস্যরা। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই প্লাস্টিকের বস্তা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।
পরে বিধি অনুযায়ী অস্ত্র দুটি জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে লালপুর থানায় হস্তান্তর করেছে এসআরবি-৫। তবে অস্ত্রগুলো কে বা কারা সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘এসআরবি সদস্যরা পানসিপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে থানায় হস্তান্তর করেছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। অস্ত্রগুলো সেখানে কিভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।’
এসআরবি-৫-এর মিডিয়া সেল ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পানসিপাড়া এলাকার পদ্মা নদীর উত্তর পাড়ের চর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।