শুক্রবার , ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - হেমন্তকাল

নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এফবিসিসিআই সভাপতির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এফবিসিসিআই সভাপতি জনাব মাহবুবুল আলম। গতকাল শনিবার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় উপদেষ্টা মহোদয়ের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এফবিসিসিআই সভাপতি দেশের ব্যবসা-বাণিজ্য গতিশীল করা, সাপ্লাই চেইন সচল রাখা, বন্দর ও মহাসড়ক সচল রাখা, সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ, শিল্প কারখানায় নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম নিয়ে উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করেন এবং সহযোগিতা কামনা করেন।

এ সময় দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ব্যবসায়ীসহ জনগণের জান-মালের নিরাপত্তায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শিগগিরই বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আনুষ্ঠানিক বৈঠক হবে বলে জানান মাহবুবুল আলম।